অপপ্রচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের অর্ধশত মুক্তিযোদ্ধা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সোহরাব আলী, সুজিত গাগ্রা, জিবিয়ার সহধর্মিণী অমিত্রা চিরান, মুক্তিযোদ্ধার সন্তান ইদ্রিস আলী ও পুলন্দী। এ সময় গাজীরভিটা ইউনিয়নের অর্ধশত মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তিতে বাধা সৃষ্টির জন্য নানা অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। তারা চারবারের নির্বাচিত সফল চেয়ারম্যান দেলোয়ার হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এ মহলটি চেয়ারম্যানের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগে সংবাদ সম্মেলনও করেছে।