অরুণাচলে চীনা বাহিনীর অনুপ্রবেশ ঠেকিয়ে দেওয়ার দাবি ভারতের

অরুণাচলে চীনা বাহিনীর কথিত অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই শুক্রবার এ কথা জানিয়েছে।

উত্তরাখণ্ডে চীনা বাহিনীর অনুপ্রবেশের খবরের মধ্যেই সীমান্তে নতুন করে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

গত সপ্তাহে অরুণাচল সেক্টরে চীন ও ভারতীয় বাহিনী এই মুখোমুখি অবস্থান নেয় বলে জানা গেছে।

এনডিটিভি জানায়, দু’দেশের জওয়ানরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। বেশ কয়েক ঘণ্টা এ অবস্থা চলে।

পরে প্রোটোকল অনুযায়ী এই বিবাদ মেটানো হয়। তবে এই সংঘর্ষে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, অরুণাচল প্রদেশে চীনের প্রায় ২০০ জওয়ান প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওএসি) ভারতীয় ভূখণ্ডের খুব কাছে এসে পড়ে। তখন তাদেরকে সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢুকতে বাধা দেয় ভারতীয় সেনা।

উল্লেখ্য, অরুণাচলের সীমান্ত নিয়ে চীন এবং ভারতের মধ্যে বিরোধ রয়েছে। অতীতে দুই বাহিনীর মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে।

এ ছাড়া এক বছরের বেশি সময় ধরে লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

গত বছর জুনে লাদাখ সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন। ওই ঘটনায় নিজেদের ৪ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে চীন।