রাজবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় কবিরাজ গ্রেপ্তার

রাজবাড়ীতে এক গৃহবধূকে সন্তান ধারণের ওষুধ খাওয়ানোর কথা বলে ধর্ষণের ঘটনায় আব্দুল কুদ্দুস শেখ নামে এক কবিরাজকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা দায়েরের পর রাজবাড়ী থানা ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

কুদ্দুস শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মধ্যপাড়া গ্রামের মৃত নছর উদ্দিন শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার গৃহবধূর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। কিন্তু তার কোনো সন্তান হয় না। সন্তানের আশায় নানা রকম চিকিৎসা গ্রহণ করেছেন।

গত দুই মাস আগে কুদ্দুস শেখের কাছ থেকে ওষুধ নিয়ে তা সেবন করেন। কুদ্দুস শেখ গৃহবধূকে তার ওষুধ নিয়মিত সেবন করতে বলে।

কুদ্দুস শেখ গত ২০ আগস্ট বিকেলে তার ভাড়া বাড়িতে ওষুধ নিয়ে আসে। পরে তাকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। একইভাবে গত ১ অক্টোবর বিকেলে এবং ৬ অক্টোবর দুপুরে তাকে ধর্ষণ করে।

শেষ দিন ধর্ষণের সময় তার স্বামী হাতেনাতে কবিরাজ কুদ্দুসকে ধরে ফেলে। এ অবস্থায় কুদ্দুস তার স্বামীকে মারধর করে পালিয়ে যায়।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুদ্দুস ওই গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছে।