কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশনে চাঞ্চল্যকর পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামি মাহমুদুল হাসান সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ভোরে নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন ঝাউয়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাগর সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা।
দুপুরে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সাগর রেলওয়ে স্টেশনের ৪র্থ শ্রেণির কর্মচারী। ২০ সেপ্টেম্বর রাতে সাগর তার পঞ্চম শ্রেণি পড়ুয়া খালাতো বোনকে বন্ধুর জন্মদিনের কথা বলে রেলওয়ে স্টেশনের রেস্ট হাউসের দ্বিতীয় তলায় ভিআইপি কক্ষের বাথরুমে হাত-পা বেঁধে জোর পূর্বক ধর্ষণ করে।
তিনি আরও জানান, এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্টেশনে থাকা লোকজন তাকে উদ্ধার করলেও। সাগর বাথরুমের জানালা ভেঙে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকে র্যাবের গোয়েন্দা নজরদারি চালানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সাগরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। আসামিকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।