গোপনে তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় বছরখানেক ধরে চলছে এ কার্যক্রম। গত বৃহস্পতিবার নাম অপ্রকাশিত সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় দুই ডজন সেনা কর্মকর্তা তাইওয়ানের স্থল ও নৌ সেনাদের অন্তত এক বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন।
এরপর সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা অস্থায়ী ভিত্তিতে তাইওয়ানে কার্যক্রম চালাচ্ছেন। নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো প্রশিক্ষণ কতদিন ধরে চলছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগে থেকেই চলছে এ কার্যক্রম।
এ বিষয়ে জানতে তাইওয়ান কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। তবে এতে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। শুধু বলা হয়েছে, সব সামরিক কার্যক্রম বার্ষিক পরিকল্পনা অনুসারে পরিচালিত হচ্ছে।
তাইওয়ানকে প্রশিক্ষণ সহায়তার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি পেন্টাগন। তাদের মুখপাত্র জন সাপল বলেছেন, তাইওয়ানের চাহিদার ওপরই যুক্তরাষ্ট্রের বাহিনীর সামরিক সহায়তা নির্ভর করে। তিনি এক বিবৃতিতে বলেছেন, চীনের সাম্প্রতিক হুমকির বিরুদ্ধে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন এবং প্রতিরক্ষা সম্পর্ক অটল রয়েছে।