নদীতে ডুবন্ত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে স্বামীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামপুর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মো.আসিফ ইকবাল টিটুর (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীতে শুক্রবার সাড়ে ৩টার দিকে আসিফ ইকবাল টিটুর স্ত্রী শাম্মী আক্তার টুনি (৩১) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এ সময় টিটু নদীর তীরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তার স্ত্রী পানিতে পড়ে ডুবে যাচ্ছিলেন পরে টিটু তাকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন।

তারা আরও জানান, পরে স্ত্রী উদ্ধার হলেও স্বামী পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিংগাইর থানা-পুলিশের সহায়তায় প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজি করে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।