বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন মো. জাহিদ হাসান রুবেল। তিনি ১ হাজার ৬৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুন পেয়েছেন ১ হাজার ৫৭৪ ভোট। বৃহস্পতিবার সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বরিশাল জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. নুরুল আলম।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয় ২৮ ওয়ার্ডের উপনির্বাচনের ভোটগ্রহণ। ইভিএম পদ্ধতিতে ৩টি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ওয়ার্ডে ৭ হাজার ২১২ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩ হাজার ৯৪৯ জন। যার মোট ভোট পড়েছে ৫৫ ভাগ।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে জানিয়ে তিনি বলেন, বিজয়ী ও নিকটতম প্রার্থীর মধ্যে মাত্র ১১৮ ভোটের ব্যবধান।