শরণার্থী সম্মেলনে প্রাধান্য পেল আফগানিস্তান সংকট

জাতিসংঘের বার্ষিক শরণার্থী সম্মেলনে আফগানিস্তান ও ইথিওপিয়ার শরণার্থী ও মানবিক সংকটের মতো বিষয়গুলো গুরুত্ব পেল। এ নিয়ে হলো তুমুল বিতর্ক। খবর ভয়েস অব আমেরিকা।

সম্মেলনে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি শুক্রবার বলেন, সপ্তাহব্যাপী আলোচনাগুলো ছিল গঠনমূলক। লাখ লাখ গৃহহীন আফগান জনগণের কাছে জরুরি, পরিবর্তনশীল ও বিনা শর্তে সাহায্য সরবরাহের বিষয়টিতে সাধারণ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

তিনি জানান, সহায়তা দেওয়া সম্ভব। তবে শীতের আগেই অতি সত্ত্বর খাদ্য, আশ্রয় ও অন্যান্য নিত্য-প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে হবে।

আফগানিস্তানে সাহায্য সম্পর্কে বলেন, তালেবান এসব সরবরাহে কোনো বাধা দেবে না।

গ্রান্ডি জানান, তালেবানের ক্ষমতা গ্রহণের পর আফগান সমাজ বলতে গেলে নিষ্প্রভই রয়েছে। তিনি সতর্ক করে দেন যে যদি আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির পরিষেবা, ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ ধসে পড়ার আগে সহযোগিতার হাত না বাড়ায় তা হলে আরও বড় আকারের মানবিক সংকট সৃষ্টি হতে পারে।

আরও বলেন, এটা অত্যন্ত দুরূহ কাজ। আফগানিস্তানের বেশির ভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড এর আগে আন্তর্জাতিক সহায়তায় পরিচালিত হয়েছে। সেই সমর্থন হয় বাজেয়াপ্ত বা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কী করে এসব পরিষেবা নিশ্চিত করা যায়, অর্থনীতিকে আবারও সচল করা যায় এবং একটি বড় ধরনের মানবিক সংকট এড়ানো যায়।