নেত্রকোনায় ভারতে পাচারকালে ৪ হাজার কেজি ডাল জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চার হাজার ৩৫০ কেজি (৮৭ বস্তা) অ্যাংকর ডাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

পৃথক দুই অভিযানে জব্দ এসব ডালের সিজার মূল্য দুই লাখ ১৭ হাজার পাঁচশ’ টাকা।

উপজেলার খারনৈ ইউনিয়নে কচুগড়া ও বলমাঠ এলাকা থেকে ডাল জব্দকালে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে জানা যায়, বিজিবির কচুগড়া বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) নায়েব সুবেদার নুর মোহাম্মদ বাদশার নেতৃত্বে ১০ সদস্যের টহল দায়িত্ব করছিল।

শুক্রবার রাত আড়াইটার দিকে সীমান্ত পিলার ১১৭৯ হতে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুগড়া এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে টহল দলটি।

এ সময় বাংলাদেশ হতে ভারতের দিকে চোরাকারবারিরা ঠেলাগাড়ি করে পাচার করার সময় বিজিবির ধাওয়া খেয়ে মালামাল রেখে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিন হাজার কেজি (৬০ বস্তা) অ্যাংকর ডাল জব্দ করে টহল দলটি।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একই বিওপির হাবিদাল মোহাম্মদ শফিকুল ইসলামে নেতৃত্বে ছয় সদস্যের আরেকটি টহল দল বলমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক হাজার ৩৫০ কেজি (২৭ বস্তা) বাংলাদেশি অ্যাংকর ডাল জব্দ করে।

পৃথক দুই অভিযানে জব্দকৃত অ্যাংকর ডাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।