রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করে।
আমিনবাজার নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর বলেন, ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে যায় বলে জানা গেছে। ওই ট্রলারে ১৮ জন যাত্রী ছিলেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, গাবতলীতে ট্রলারডুবির খবর আসে সকাল ৯টার দিকে। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য কাজ করছে।
তিনি জানান, এখন পর্যন্ত দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনো কমপক্ষে চারজন নিখোঁজ রয়েছেন।