যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গেটহীন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।
জিসান (১৬) নামে নিহত এ কিশোর নওয়াড়ার এক শিক্ষক দম্পতির ছেলে। তিনি স্থানীয় পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিলেন।
তার বাবা আতিয়ার রহমান পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মা জাহানারা বেগম উপজেলার পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
রেলওয়ের নওয়াপাড়া স্টেশন মাস্টার বুলবুল হোসেন জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে নওয়াপাড়া পৌর এলাকার আকিজ জুট মিলস সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জিসান গেটহীন ওই রেল ক্রসিং মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার সময় যশোরগামী রকেট ট্রেনের ধাক্কা লাগে।
এ সময় স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইফফাত শারমিন দিপ্তী জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়।