বরিশাল জেলার গৌরনদী উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষক কমল হালদারের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে ডান হাত ভেঙে দেয়ার ঘটনায় বখাটে নয়ন কর্মকারকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আফজাল হোসেন জানান, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে সুন্দরদী গ্রামের পালপাড়ার বাসিন্দা এবং ব্যবসায়ী দীপক কর্মকারের ছেলে।
গৌরনদী থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল নয়ন।
তিনি বলেন, বিষয়টি অভিভাবকরা ছাত্রীর শিক্ষক কমল হালদারকে জানানো পর তিনি বখাটে নয়ন কর্মকারকে শাসিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে তার সহযোগিদের নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে শিক্ষক কমল হালদারের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে ডান হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে (শিক্ষক) উদ্ধার করে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
আহত ও লাঞ্ছিত শিক্ষক কমল হালদার অভিযোগ করে বলেন, “বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাঁপা দেওয়ার জন্য স্থানীয় কতিপয় ব্যক্তি মরিয়া হয়ে উঠছে। ইতোমধ্যে তারা বখাটে নয়নের পক্ষ নিয়ে হাসপাতালে এসে এবং আমার ভাড়া বাসায় গিয়ে পরিবারের সদস্যদের মামলা দায়ের না করার জন্য চাপ ও হুমকি অব্যাহত রেখেছে।”
প্রসঙ্গত, নয়ন কর্মকারের বিরুদ্ধে নারী ঘটিত নানা অপকর্মসহ শিক্ষক লাঞ্ছিত করার একাধিক অভিযোগ রয়েছে।