ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা ভালোবেসে, অক্লান্ত পরিশ্রম করে একটি বই প্রকাশ করেছে। বইটির প্রতিপাদ্য বিষয় শুধু তাদের নিজ দলকে নিয়ে নয়, বরং নিজ দলের পাশাপাশি সমান প্রাধান্য দেওয়া হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকেও।
এক আড়ম্বরপূর্ণ আয়োজনে ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থকবৃন্দ ‘মহাপাগল’-এর ব্যানারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল ঢাকার মতিঝিলের একটি অভিজাত হোটেলে। বইয়ের নামটিও বেশ আকর্ষণীয়, ‘রূপকথার মোহামেডান-আবাহনী’। স্বর্ণালি দিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর সব দ্বৈরথের সুনিপুণ বর্ণনা আছে বইটিতে। কয়েক ডজন দেশসেরা সাবেক ও বর্তমান তারকা ফুটবলার, একঝাঁক খ্যাতিমান সাংবাদিক, সমর্থক, রেফারি, প্রখ্যাত সংগঠক ও নানা পেশায় জড়িত ব্যক্তিদের মোট ১০৯টি লেখা ঠাঁই পেয়েছে বইটিতে।
বইটির প্রকাশনা বক্তব্য রাখেন সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু, আবদুল গাফফার, আশরাফ আলী, গাজী আশরাফ হোসেন লিপু প্রমুখ। মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, সাবেক তারকা ফুটবলার জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরাসহ আরও অনেকে।
বইটির প্রকাশনা অনুষ্ঠানটি পরিণত হয় সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ-সংগঠক, রেফারি, সাংবাদিকদের মিলনমেলায়।