পরিত্যক্ত শিপিং কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

রাস্তার পাশে পরিত্যক্ত এক শিপিং কন্টেইনার থেকে ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে গুয়াতেমালার পুলিশ। খবর বিবিসির।

নুয়েভা কনসেপসিওন ও কোকালেস শহরের মধ্যবর্তী এলাকায় কন্টেইনারের ভেতর চিৎকার ও কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা খবর দিলে ভোরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

কর্তৃপক্ষরা মনে করছেন, টাকা ‍নিয়ে অবৈধভাবে মেক্সিকো হয়ে ‍যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার নাম করে এসব অভিবাসীদের ফেলে গেছে চোরাচালানকারীরা।

এই অভিবাসীদের মধ্যে ১০০ জনের বেশি সংকট-আক্রান্ত হাইতির। বাকিরা নেপাল ও ঘানার। তাদের উদ্ধারের পর এক পুলিশ কর্মকর্তা জানান, ‘আমরা কন্টেইনারের ভেতর থেকে আসা চিৎকার-চেঁচামেচির শব্দ শুনি। দরজা খুলে দেখি, ভেতরে দলিলহীন ১২৬ লোক।’

গুয়াতেমালার অভিবাসী ইনস্টিটিউটে আশ্রয়দানের জন্য নিয়ে যাওয়ার আগে কর্মকর্তারা অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

গুয়াতেমালার অভিবাসী কর্তৃপক্ষের মুখপাত্র আলেহান্দ্রো মিনা জানিয়েছেন, এসব অভিবাসীরা হন্ডুরাস থেকে মধ্য আমেরিকায় পৌঁছেছিল এবং বিশ্বাসঘাতকদের সঙ্গে তারা উত্তর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাচ্ছিল।

তাদের এখন হন্ডুরাস সীমান্তে ফেরত পাঠানো হবে এবং কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।