রাজধানী ঢাকার তেজগাঁওয়ে গাড়ির ভেতর থেকে নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে ইমপালস হাসপাতালের পাশের গলিতে রাখা কালো রঙের একটি এসইউভির ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই গাড়ি থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গাড়ির চালকের পেছনের আসন থেকে সজল কুমার ঘোষ নামে ৩৪ বছর বয়সী ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ জানান, ওই গাড়ির মালিক ইউডিসি কন্সট্রাকশন লিমিটেড নামের একটি কোম্পানি। সজল ওই গাড়ির চালক ছিলেন।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে ধানমন্ডির বাসায় কোম্পানির মালিক কালাম হোসেনকে নামিয়ে সজল মহাখালী ফিরছিলেন। কিন্তু তারপর থেকে তার খোঁজ মিলছিল না।
পরে কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে ধানমন্ডি থানায় একটি জিডি হয়েছিল।