বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ ও রীতিনীতি ভূলুণ্ঠিত করেছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় থাকাকালে এমনকি বিরোধী শিবিরে থেকেও তারা স্বৈরাচারী।
রবিবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশে গণতন্ত্রকে নিরুদ্দেশ করা হয়েছে- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এ ধরনের অভিযোগ উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো। বিএনপি নিজেদের দলের গণতন্ত্র গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়।
তিনি বলেন, বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও রীতিনীতি ভূলুণ্ঠিত করেছে বিএনপি। ক্ষমতায় থাকাকালে এমনকি বিরোধী শিবিরে থেকেও তারা স্বৈরাচারী।
তিনি আরও বলেন, বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাতবদলের অন্য কোনো বিকল্প নেই। তাই মুখে যত কথাই বলুক, নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের বর্ণচোরা রাজনীতি।
তিনি বলেন, বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না আর যা গোপনে করে তা প্রকাশ করে না। তাইতো জনগণ বিএনপির দ্বি-চারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে।