প্রবাসে অবস্থানরত সাংবাদিক কনক সরোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তারের ঘটনার কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এ কোন দেশে আমরা বসবাস করি? এতো জংলি দেশ! কোনো সভ্যতা নেই এখানে। এই অবস্থা তৈরি করেছে শেখ হাসিনা।’
শহীদ জেহাদ দিবস উপলক্ষে রবিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষ আজ লিখতে পারেন না, কথা বলতে পারেন না। বিদেশ থেকে কনক সরোয়ার কিছু সত্য কথা বলেন, আপনারা সবাই তার নাম জানেন। সর্বশেষ তিনি বলেছেন শেখ হাসিনা লন্ডনে ২৬ টি স্যুটকেস নিয়ে গিয়েছেন।’
‘এই কথা বলার পর একজন মা যার তিনজন সন্তান আছে, কনক সারোয়ারের সেই বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। এ কোন দেশে আমরা বসবাস করি? এতো জংলি দেশ! কোনো সভ্যতা নেই এখানে। এই অবস্থা তৈরি করেছে শেখ হাসিনা’ বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘সুতরাং আপনাকে যদি বাঁচতে হয়, আমাকে যদি বাঁচতে হয়, আমাদের দেশকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদের স্বাধীনতা যুদ্ধের অর্জন, নব্বইয়ের অর্জন যদি ফিরিয়ে আনতে হয়, তবে অবিলম্বে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। পরিষ্কারভাবে বলতে হবে- সরে দাঁড়াও, সরে যাও।’
নব্বইয়ের মতো আরও একটি গণ-অভ্যুত্থান ঘটাতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘…আজকে আবার সেই সময় এসেছে। আরও দৃঢ়তার সঙ্গে আরেকটি গণ-অভ্যুত্থান ঘটাতে হবে।’
তিনি বলেন, ‘আজকে একটা ভয়াবহ পরিস্থিতি। জেহাদ যে কারণে রক্ত দিয়েছিল, সেই গণতন্ত্রকে আজকে আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের অর্জনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। …দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্ন হয়েছে। আমরা আজকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা মানুষের জন্য যে ভালো জিনিসগুলো লাভ করেছিলাম, তা এই দানবীয় সরকার কেড়ে নিয়েছে। এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। আদালতকে ব্যবহার করে ২০১২ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। তারপর বেআইনিভাবে প্রায় ১৪ বছর যাবৎ ক্ষমতা দখল করে বসে আছে।’
তিনি বলেন, আজ আমাদের কোনো কিছু অবশিষ্ট নেই। এই সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে, পার্লামেন্টকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে ও অর্থ ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই এই হাসিনা সরকারকে কোনোভাবেই আর সময় দেওয়া যাবে না।
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা।