চীন অভিযোগ করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র লস এঞ্জেলেস বিমানবন্দরে চীনা শিক্ষার্থীদের কয়েক ঘণ্টার জন্য ‘কোনো কারণ ছাড়াই’ সীমাবদ্ধ ও দমন করেছে।
ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের চীনা কনস্যুলেট জেনারেল জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যে তারা যেন বিনা কারণে চীনা শিক্ষার্থীদের সীমাবদ্ধ এবং দমন করা বন্ধ করে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, লস এঞ্জেলেস বিমানবন্দরে কয়েকজন চীনা শিক্ষার্থীকে বারবার প্রশ্ন করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে বা কয়েক ঘন্টা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।
গত মাসে চীন টেক্সাসের একটি বিমানবন্দরে মার্কিন কর্মকর্তাদের হাতে একজন চীনা ছাত্রকে জিজ্ঞাসাবাদ এবং ফেরত পাঠানোর বিরোধিতা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুতরভাবে উপস্থাপন করেছিল।
টেক্সাসের হিউস্টনের সীমান্ত প্রবেশপথে একজন চীনা ছাত্রকে জিজ্ঞাসাবাদ করার পর লস অ্যাঞ্জেলেসের বিমান বন্দরের এই হেনস্থার ঘটনা ঘটল। কয়েক ঘণ্টা ধরে তদন্তের পর ওই ছাত্রকে চীনে ফেরত পাঠানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শিক্ষার্থীর বৈধ অধিকার ও স্বার্থকে লঙ্ঘন করেছে এবং তার ও তার পরিবারের মারাত্মক শারীরিক ও মানসিক ক্ষতি করেছে।
শিক্ষার্থীদের মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের অভিযোগ করে চীনা দূতাবাস অভিযোগ করেছে যে, মার্কিন কর্মকর্তারা সম্প্রতি চীনা শিক্ষার্থীদের নির্বিচারে এবং কঠোর জিজ্ঞাসাবাদ করছে এবং এমনকি ফেরত পাঠানোর মতো কয়েকটি ঘটনা ঘটেছে।
দূতাবাস আরও বলেছে, ‘দুই দেশের জনগণের মধ্যে বিনিময় হল চীন-মার্কিন সম্পর্কের সামাজিক ভিত্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীরা দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্ব বাড়াতে ইতিবাচক ভূমিকা পালন করে’।
যুক্তরাষ্ট্রকে চীনা শিক্ষার্থীদের স্বাগত জানানোর বিবৃতিকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছে চীন এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের ‘হেনস্থা’ বন্ধ করতেও বলেছে।
বাণিজ্য, কোভিড -১৯, মানবাধিকার, তাইওয়ান ইস্যু এবং কোয়াড ও অকাস চুক্তি সহ একাধিক বিষয় নিয়ে সম্প্রতি বেশ দ্বন্দ্ব ও উত্তেজনার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।