অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ পদত্যাগ করেছেন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরুর পর জোট সরকার বাঁচাতে পদত্যাগ করেন তিনি। গতকাল রবিবার এমন তথ্য জানিয়েছে বিবিসি। এদিকে পদত্যাগের পর চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার জন্য অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার স্ক্যালেনবার্গের নাম প্রস্তাব করেছেন সেবাস্টিয়ান কুর্জ। বিবিসি জানিয়েছে, অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জের দল কনজারভেটিভ ওভিপি পিপলস পার্টির সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি স্থানে সম্প্রতি অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী। এরপরই চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জসহ আরও নয়জনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। কুর্জের বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারি অর্থ ব্যবহার করে অস্ট্রিয়ার একটি ট্যাবলয়েড পত্রিকায় নিজের সম্পর্কে ইতিবাচক সংবাদ প্রকাশ নিশ্চিত করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।