ইংল্যান্ডের বড় জয়

বিশ্বকাপ বাছাইয়ে শনিবার ইংল্যান্ড ৫-০ গোলে হারিয়েছে অ্যানডোরাকে। ম্যাচে গোল করেছেন পাঁচজন। এই জয়ে ৭ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষেই রইল গ্যারেথ সাউদগেটের দল। আই গ্রুপের অপর ম্যাচে পোল্যান্ড ৫-০ গোলে হারিয়েছে সান মারিনোকে। পোলিশদের হয়ে একটি করে গোল করেন চার খেলোয়াড়। অপরটি ছিল আত্মঘাতী। রবার্ট লেভানডোস্কি ৬৬ মিনিট মাঠে থাকলেও গোল পাননি। পোল্যান্ড ১৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। অপর ম্যাচে আলবেনিয়া ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। আলবেনিয়া ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

চূড়ান্ত পর্বের আরও কাছে ডেনমার্ক : এফ গ্রুপের শীর্ষে থাকা ডেনমার্ক ৪-০ গোলে হারিয়েছে মলদোভাকে। সাত ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট ডেনমার্কের। মঙ্গলবার রাতে অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচ জিতলে কোনো রকম হিসাব ছাড়া ইউরোপ অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত হবে ডেনমার্কের।