জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
সংবাদমাধ্যমকে জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আমার প্রত্যাশা সব সময় ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের খেলাটা খেলবে। বাংলাদেশ সেমিফাইনাল খেলব বলে আমি বিশ্বাস করি।’
সুজনের এই বিশ্বাসের ভিত্তি টি-টোয়েন্টির অনিশ্চয়তা ও বাংলাদেশ দলের অভিজ্ঞতা, ‘অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব। আমি বলব, এই সংস্করণটা এমন, যে কেউ এখানে যে কাউকে হারাতে পারে।’
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড ভিন্ন কিছুই বলবে। এই সংস্করণে আগের পাঁচ আসরে বাংলাদেশ ২৫ ম্যাচ খেলে জিতেছে মাত্র ৫টিতে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারায় বাংলাদেশ।
এরপর যে চারটি জয়, তার সব কটি ছিল বিশ্বকাপের প্রাথমিক পর্বে। সেই জয়গুলোও নেপাল, আফগানিস্তান, ওমান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। বরং টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড, হংকংয়ের বিপক্ষে হারের অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের।
তবে সুজন বলছেন, ‘এর আগে ভারতের কাছে এই সংস্করণে জেতা ম্যাচ আমরা হেরেছি। বারবার তো আমরা একই ভুল করব না। আমার দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মোস্তাফিজের মতো সিনিয়র ক্রিকেটার আছে। লিটন এখন অনেক অভিজ্ঞ, নাঈম শেখ, তারা যদি জ্বলে ওঠে, আমাদের আটকানো মনে হয় মুশকিল হবে।’
বিশ্বকাপের মূল পর্ব বা সুপার টুয়েলভ খেলতে হলে এবারও বাছাই পর্ব পেরোতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে তারা।
এর আগে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে এবং বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।