জঙ্গি হামলার আশঙ্কায় নাগরিকদের কাবুলের হোটেল সেরেনাসহ সব ধরনের হোটেল এড়িয়ে চলতে বলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
দেশ দু’টির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করেছে বলে সোমবার জানিয়েছে আফগান সংবাদ সংস্থা খামা নিউজ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেরেনা হোটেলের কাছে বা সেরেনা হোটেলে যে সব আমেরিকান নাগরিক রয়েছেন, তাদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।’ ‘নিরাপত্তার কারণে’ এই ঘোষণা বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ব্রিটিশ নাগরকিদের আফগানিস্তানে আসতে নিষেধ করেছে।
একই সঙ্গে বলা হয়েছে, ‘নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। ব্রিটিশ নাগরকিদের নির্দেশ দেওয়া হচ্ছে- তারা যেন কোনো হোটেলে না থাকেন। বিশেষ করে কাবুলে, সেরেনার মতো অভিজাত হোটেলে।’
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর প্রত্যাহারের পর একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে তালেবান শাসিত আফগানিস্তানে।
সর্বশেষ গত শুক্রবার কুন্দুজে শিয়া মসজিদে বোমা হামলায় অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন।
আফগানদের দেশ ছাড়ার সময়ই কাবুল বিমানবন্দর চত্বরে আত্মঘাতী বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ প্রায় ১৭০ জন নিহত হয়েছিল।
এ সব হামলার হামলার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স-আইএসকেপি। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে তালেবান।