সালসাবিলের সঙ্গে মীমাংসা হচ্ছে: নোবেল

একের পর এক বেফাঁস মন্তব্য করে সমালোচিত হলেও এবার নিজেই বেফাঁস মন্তব্য না করার অনুরোধ করেছেন গায়ক মাঈনুল আহসান নোবেল। প্রসঙ্গ বিবাহবিচ্ছেদ।

এমনও জানাচ্ছেন, স্ত্রী মেহরুবা সালসাবিলের সঙ্গে পারিবারিকভাবে বিবাদ মীমাংসা হচ্ছে।

সোমবার সকালে ফেইসবুকে নোবেল লেখেন, “আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।”

গত ১১ সেপ্টেম্বর বিতর্কিত সালসাবিলের কাছ থেকে বিয়েবিচ্ছেদের নোটিশ পেয়েছেন নোবেল। এরপরই স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি।

জানান, সালসাবিল তাকে মাদক বাড়িয়ে, বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন। তার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র গায়েব করে দিয়েছেন। ব্যাংক থেকে ৩০ লাখ টাকা সরিয়েছেন। আর এগুলো করেছেন বাংলাদেশের বড় একজন তারকার ইন্ধনে! তবে ওই তারকার নাম প্রকাশ করেননি।

নোবেলের সব অভিযোগের জবাবে সালসাবিল বলেন, ‘ব্যান্ড তারকা জেমস ভাইকে আমাদের ব্যক্তিগত প্রসঙ্গে জড়ানোর চেষ্টা করছে নোবেল। এটা হাস্যকর। সে আমাকে বলেছে, “তোমার নামে এমন কথা বলব যে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। বলব, জেমস ভাই তোমাকে হায়ার করে আমার বিরুদ্ধে ব্যবহার করছে।” কী বলব! জেমস ওর নাম জানে কি না, আমার সন্দেহ আছে!’

অভিযোগগুলোর বিষয়ে সালসাবিলের ভাষ্য, ‘প্রথমেই বলি, ওর এনআইডি কার্ড হারিয়েছিল আমাদের পরিচয়ের চার মাস আগে। জিডি করার পর এনআইডি কার্ড এখনো তোলেনি। এটা নির্বাচন কমিশনে খোঁজ নিলেই বের হয়ে যাবে। দ্বিতীয়ত, সে ফেনসিডিল, হেরোইন, কোকেন এমনকি নতুন ড্রাগ এলএসডিও নেয়। তাই মদের পরিমাণ বাড়ানোর কথা বললে সেটা মিথ্যা।’

সালসাবিল দাবি করেন, ‘নোবেল আগে থেকেই মানসিক রোগী। তাকে নিয়মিত চিকিৎসকও দেখানো হয়েছে। তার সঙ্গে সংসার করতে হবে, নইলে আমাকে খুন, অ্যাসিড নিক্ষেপ, আমার বাবাকে উঠিয়ে নেওয়াসহ নানা হুমকি দিচ্ছে। আর জেমস ভাইকে জড়িয়ে আমাকে অসম্মান করতে চায়।’