সংলাপ ভেস্তে যাওয়ার পর পরস্পরকে দুষছে চীন-ভারত

বিতর্কিত লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নিয়ে সংলাপ ভেস্তে যাওয়ার পর পরস্পরকে দোষারোপ করছে চীন ও ভারত।

রবিবার চীনের দিকে মোল্ডো পয়েন্টে দু’দেশের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক ছিল। কিন্তু সাড়ে আট ঘণ্টার বৈঠক ফলপ্রসূ হয়নি।

সোমবার এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘চীনকে একটি গঠনমূলক প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাদের দেওয়া প্রস্তাবে রাজি হয়নি চীন। তারা সামনে এগোনোর মতো কোনো প্রস্তাবও দিতে পারেনি।’

অন্যদিকে এক বিবৃতিতে চীনের সামরিক বাহিনী মুখপাত্র বলেছেন, ‘ভারতের অযৌক্তিক ও অবাস্তব শর্ত সংলাপে জটিলতার সৃষ্টি করে।’

বৈঠকের আগেই ভারতীয় সেনাপ্রধান এমএম নারাভাণ বলেছিলেন, চীন যদি সেনা না সরায় তা হলে ভারতও সেনা সরাবে না।

সেনা সরানোর বিষয়ে কোনো সমাধানসূত্র না বের হওয়ায় দু’দেশই নিয়ন্ত্রণরেখায় নিজেদের বাহিনী মোতায়েন রাখতে যাচ্ছে। ফলে দীর্ঘ ১৭ মাসের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হলো।

গত বছর জুনে লাদাখ সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন। ওই ঘটনায় নিজেদের ৪ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে চীন।