ফরিদপুরের বোয়ালমারীর উপজেলার সদর ইউনিয়নের রামনগর মাঠের মধ্য সরকারি হালট থেকে ৪টি তালগাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর মৌজার রামনগর মাঠের সরকারি হালট থেকে ৪টি তালগাছ কাটা হচ্ছে। গাছগুলো কর্তনকারী ৪ জন শ্রমিক ২ হাজার টাকার পারিশ্রমিকে ওই গাছগুলো কাটছিলেন। গাছগুলো কাটাচ্ছেন বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমান মোল্যা।
চালিনগর গ্রামের গাছ কর্তনকারী শ্রমিক মো. নুর ইসলাম জানায়, বোয়ালমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান মোল্যা গাছগুলো কেটে বোয়ালমারী বাজারে পৌঁছে দিতে বলেছেন। আমাদের সঙ্গে ২ হাজার টাকার চুক্তিতে সকাল থেকে আমরা গাছগুলো কাটছি।
গাছ কাটার ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান মোল্যা বলেন, গাছগুলো আমার জমির আইলের উপর। আগামীকাল (মঙ্গলবার) তহসিলদার জমিটি মাপতে আসবেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, চেয়ারম্যান সাহেবকে গাছ কাটা বন্ধ করতে বলা হয়েছে। যেখান থেকে গাছগুলো কাটা হয়েছে সেটা সরকারি হালট নাকি ব্যক্তি মালিকানা জায়গা তফসিলদারকে দিয়ে মেপে দেখা হবে। সরকারি হালটের গাছ কাটলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, গাছ কাটার খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।