অস্ট্রেলিয়ার বৃহত্তম সিডনি শহর থেকে দীর্ঘ ১০৬ দিন পর তুলে নেওয়া হয়েছে করোনা বিধিনিষেধ।
সংক্রমণ কমে আসায় সোমবার থেকে শহরটির ৫০ লাখের বেশি বাসিন্দা বিধিনিষেধের আওতামুক্ত হয়েছেন।
নিউ সাউথ ওয়েলসের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রিমিয়ার ডমিনিক পেরোটেট বলেন, এটা রাজ্যের জন্য সফল একটি দিন। রাজ্যের বাসিন্দারা এটা অর্জন করে নিয়েছেন।
গত জুন থেকে শহরটিতে বিধিনিষেধ জারি ছিল। সিডনিতে গত চার মাস ধরে জারি থাকা লকডাউনে বন্ধ ছিল দোকানপাট, স্কুল-কলেজ, সেলুন ও অফিসগুলো। মানুষের চলাচলের ওপর ছিল নিষেধাজ্ঞা।
বিধিনিষেধ অনুযায়ী, বাসা থেকে পাঁচ কিলোমিটারের বেশি দূরে যেতে পারতেন না সিডনির বাসিন্দারা। এমনকি পরিবারের সঙ্গে দেখা করা এবং শেষকৃত্যে অংশ নেওয়াতেও বারণ ছিল।
এদিকে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও বড় কোনো জনসমাগমের ওপর এখনো নিষেধাজ্ঞা রয়েছে। বিধিনিষেধ থাকবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচলের ওপরও। আগামী কয়েক সপ্তাহ স্কুলগুলোও পুরোপুরি খুলে দেওয়া হবে না।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৯৬ জন আক্রান্ত হয়েছেন বলে সোমবার জানানো হয়। এখানকার ১৬ বছরের বেশি বয়সী ৭০ শতাংশ লোক করোনার দুটো টিকাই গ্রহণ করেছে।