উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে ৮ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ‘এপিবিএন’ সদস্যরা। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এপিবিএনের আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার ভোররাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এফডিএমএন ক্যাম্প-০৯-এর সি/ ১৬ ব্লকের কাঁচাবাজারের সামনের রাস্তা থেকে এসব রোহিঙ্গা ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তারা হলো উখিয়ার বালুখালী সি/১৫ ক্যাম্পের মুক্তার আহাম্মদের ছেলে ওমর ফারুক (১৯), মৃত আব্দুস সালামের ছেলে মুক্তার আহাম্মদ (৫০), নুর আলমের ছেলে মোহাম্মদ সলিম (৩৮), লিয়াকত আলীর ছেলে মো. আরাফাত (২৫) ও সৈয়দ হোসেনের ছেলে মনসুর আলম (২৫)।  এ সময় তাদের কাছ থেকে ৬টি কাঠের বাঁটযুক্ত লোহার তৈরি দা, ২টি কাঠের বাঁটযুক্ত ছুরি ও ৮টি লোহার রডের তৈরি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।