সরকার বর্গীদের মতো লুটপাট করছে : রিজভী

সরকার বর্গীদের মতো লুটপাট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আগে যেমন বর্গীরা লুট করতে বাংলাদেশে আসত, পরে আবার চলে যেত। এরাও ঠিক একইভাবে লুট করছে এবং বিদেশে তাদের বিত্ত তৈরি করছে।’

গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধির কারণে দেশের মানুষের জীবন এক শাসরুদ্ধকর দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। রাষ্ট্রীয় লুটেরা দস্যুদের পায়ের তলে অশ্রুপাত করছে মানবতা। একদিকে  স্বেচ্ছাচারী একনায়ক শাসকের শোষণে নিষ্পেষিত জনগণ, অপরদিকে দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে অসহনীয় হয়ে উঠেছে জীবনযাপন।’

রিজভী বলেন, ‘করোনার অভিঘাতে মানুষের আয় রোজগারে যখন টানাপড়েন অবস্থা, তখন হু হু করে বাড়ছে নিত্যপণ্যের বাজারদর। নিত্যপণ্যের দাম বাড়ায় তা ক্রয় অসম্ভব হচ্ছে উঠছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষগুলোর জন্য।’