করোনার টিকা না নেওয়ায় ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। সান্তোস ও গ্রেমিওর মধ্যে লিগ ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু করোনা টিকা না নেওয়ায় সান্তোস ক্লাব কর্র্তৃপক্ষ তাকে মাঠে ঢোকার অনুমতি দেয়নি। করোনার কারণে ব্রাজিলে ইতিমধ্যে ছয় লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। করোনা অতিমারী শুরুর পর এই প্রথম দর্শকের উপস্থিতিতে ম্যাচ খেলল সান্তোস। তারা আগেই জানিয়েছিল, যারা টিকা নিয়েছে এবং যাদের পিসিআর টেস্টের ফল ‘নেগেটিভ’, তারাই শুধু মাঠে প্রবেশ করতে পারবে। ব্রাজিলের প্রেসিডেন্টের কোনোটাই ছিল না। ব্রাজিলের মেট্রোপলিস নিউজ পোর্টালের পোস্ট করা এক ভিডিওতে বোলসোনারো বলেন, ‘আমি সান্তোসের ম্যাচটি দেখতে চেয়েছিলাম। কিন্তু তারা বলল, এজন্য আপনাকে অবশ্যই টিকা নিতে হবে। কেন?’ ব্রাজিলের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।