রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নীলফামারীতে রেললাইনের উপর বসে মোবাইল গেমস খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ইয়াছিন আলী (১৫) নামে এক ছাত্রের।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নীলফামারী রেল স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে পলাশবাড়ি রেলঘুন্টি এলাকার খুলনাগামী আন্তঃনগর রূপসা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ইয়াছিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের  গ্রামের জহুর আলী ছেলে এবং পলাশবাড়ি পরশমনি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আলীর বাবা মা ও অপর দুই ভাই ঢাকায় থাকেন। একমাত্র ইয়াছিন নীলফামারীতে তার দাদা হাজ্বী হোসেন আলীর বাড়িতে থাকতেন।

ফজরের নামাজ শেষে ইয়াছিন প্রাইভেট পড়তে যান। প্রাইভেট শেষে তিনি সকাল সারে আটটার দিকে বাড়ির পাশে রেললাইন হওয়ায় রেল লাইনের উপর বসে মোবাইলে গেমস খেলছিলেন।

ওই সময় চিলাহাটি-ডোমার হয়ে খুলনাগামী আন্তঃনগর রূপসা ট্রেন নীলফামারী আসছিল। ইয়াছিনের কানে ছিল হেডফোন। ওই সময় ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

এলাকাবাসীর অভিযোগ, রেললাইনের ওই স্থানটি তরুণ বয়সের ছেলেদের “মোবাইল গেমস জোন” নামে পরিচিত। সকাল-বিকাল এমন কি রাতেও লাইনের উপর সারি করে বসে মোবাইল গেমসে মেতে উঠে স্থানীয় তরুণরা।

এর আগে রেললাইনে বসে আড্ডা দিতে নিষেধ করেও কাজ হয়নি। যার জন্য অকালে ঝরে গেল একটি প্রাণ।

নীলফামারীর সৈয়দপুর জিআরপি থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের লোকজন ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।