শারুখপুত্রকে নিয়ে এনসিবি-মুম্বাই পুলিশ দ্বন্দ্ব চরমে

শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারের পরে মুম্বাই পুলিশ এবং ভারতের মাদক নিয়ন্ত্রণ দপ্তরের (এনসিবি) মধ্যে তীব্র দ্বন্দ্ব ও বিতর্ক শুরু হয়েছিল। সোমবার তা চরমে পৌঁছেছে। মাদক নিয়ন্ত্রণ দপ্তরের দুই অফিসার সোমবার মুম্বাই পুলিশ প্রধানের সঙ্গে দেখা করে মুম্বাই পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুম্বাই পুলিশ মাদক নিয়ন্ত্রণ দপ্তরের অফিসারদের গোপনে ফলো করছে বলে অভিযোগ করা হয়েছে।

আরিয়ান-কাণ্ডের প্রধান অফিসার এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। মুম্বাই পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরে তাকে মুম্বাই পুলিশের দুই কনস্টেবল ফলো করছে। প্রতিদিন কাজের শেষে একটি গোরস্থানে মায়ের কবর দেখতে যান সমীর। অভিযোগ, সেখানেই তিনি খেয়াল করেন, দুই কনস্টেবল তাকে ফলো করছেন। শুধু তা-ই নয়, মুম্বাই পুলিশ ওই গোরস্থানের সিসিটিভি ফুটেজও নিয়েছে বলে তার অভিযোগ।

এনসিবি-র আরেক অফিসার মুথা জৈনও একই অভিযোগ করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, সমস্ত অভিযোগ লিখিত আকারে পুলিশের কাছে দেওয়া আছে।

এদিকে আরিয়ান-কাণ্ডে এনসিবি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নবাব মালিক। তার দাবি, ইচ্ছাকৃতভাবে সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরিয়ানকে। তার অভিযোগ, ওইদিন অবৈধভাবে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে গিয়েছিল এনসিবি। শুধু তা-ই নয়, কয়েকজনকে সেদিন ছেড়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।