ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন ভর্তি ১৮২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। এদের মধ্যে ঢাকায় ১৪৩ জন এবং ঢাকার বাইরে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮০ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। চলতি মাসের ১২ দিনে  রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩২১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯১৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৭৪২ জন, আর বাকি ১৭৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট ২০ হাজার ৫১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৫২২ জন।’