মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ল স্কুলছাত্র

নীলফামারীতে রেললাইনের ওপর বসে মোবাইল গেমস খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ইয়াছিন আলী (১৫)। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে নীলফামারী রেলস্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে পলাশবাড়ি রেলঘুন্টি এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াছিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের জহুর আলীর ছেলে এবং পলাশবাড়ি পরশমনি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এলাকাবাসীর অভিযোগ, রেললাইনের ওই স্থানটি তরুণ বয়সের ছেলেদের ‘মোবাইল গেমস জোন’ নামে পরিচিত। সকাল-বিকাল এমনকি রাতেও লাইনের ওপর সারি করে বসে মোবাইল গেমসে মেতে ওঠে স্থানীয় তরুণরা। এর আগে রেললাইনে বসে আড্ডা দিতে নিষেধ করেও কাজ হয়নি।

নীলফামারীর সৈয়দপুর জিআরপি থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের লোকজন ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।