দিনাজপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা একটি যাত্রীবাহী কোচে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইয়াবাসহ আরিফা বেগমকে (৪৯) আটক করা হয়। তিনি দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর ভাটপাড়া গ্রামের শাহাজাহান সরকার ওরফে কবিরাজের স্ত্রী।
অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাজিউর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবাড়ী বাজারে ঢাকা থেকে আসা শ্যামলী কোচে অভিযান পরিচালনা করি। অভিযানকালে তিন হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়।
তিনি বলেন, আটক ওই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঢাকা থেকে বিভিন্ন যাত্রীবাহী কোচে মাদকদ্রব্য নিয়ে এসে স্থানীয়ভাবে যুব সমাজের মাঝে বিক্রি করার কথা স্বীকার করেছে। সে ইতিপূর্বে বহুবার এভাবে মাদকদ্রব্য নিয়ে এসে বিক্রি করেছে।
লোকমান আরও জানান, আটক নারীর স্বামী শাহাজাহান সরকার কবিরাজের নামেও ৮ থেকে ১০টি মাদক মামলা রয়েছে। তাদের পুরো পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
আটক নারীকে কোতয়ালী থানায় সোপর্দ করে তিনি বাদী হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।