যুক্তরাষ্ট্রে ডাকঘরে সহকর্মীকে গুলি, বন্দুকধারীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছে। নিজের ছোড়া গুলিতে হামলাকারী ব্যক্তি নিজেও মারা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার স্থানীয় একটি ডাকঘরে এ হামলা হয়।

এদিন মেমফিস এলাকায় ডাক বিভাগের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স কার্যালয়ে গুলি চালান ওই কর্মী। এতে সেখানকার দুই কর্মী নিহত হন।

যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিংক সাংবাদিকদের জানান, হামলার শিকার দুই ব্যক্তি ও বন্দুকধারী নিজেও ডাক বিভাগেরই কর্মী।

এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা অ্যানে বলেন, ‘এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তারা নিশ্চিত করেছে, ডাক বিভাগের যে তিন কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে হামলাকারীও রয়েছেন। নিজের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে তার।’

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

তবে হামলার বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানান সুসান ও লিসা।

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক বিবৃতিতে বলা হয়, মেমফিসে আজ ঘটে যাওয়া পরিস্থিতির জন্য ডাক বিভাগ মর্মাহত। ভুক্তভোগীদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের পাশে আছি আমরা।