‘স্কুইড গেম’ নিয়ে সারা বিশ্বে আলোচনা-সমালোচনার শেষ নেই। যার নগদ ফল হলো নেটফ্লিক্সে এ যাবৎ রিলিজ হওয়ায় সবচেয়ে জনপ্রিয় শো’তে পরিণত হয়েছে সিরিজটি।
প্রতিষ্ঠানটি এক বার্তায় জানায়, প্রারম্ভিক ফলাফলের ভিত্তিতে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি দেখা অনুষ্ঠান হলো ‘স্কুইড গেম’।
নেটফ্লিক্স মঙ্গলবার জানায়, আলট্রাভায়েলেন্ট কোরীয় ড্রামা ১৭ সেপ্টেম্বর প্রিমিয়ারের পর মাত্র ২৫ দিনে ১১.১ কোটি গ্রাহক দেখেছে।
এক আগে ২৮ দিনে ৮.২ কোটি ঘরে পৌঁছে রেকর্ড গড়ে ‘ব্রিজারটন’। এবার এর চেয়েও কম সময়ে ১১ কোটির বেশি দর্শকের কাছে গেল ‘স্কুইড গেম’।
টান টান উত্তেজনার এই সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ প্রতিযোগীকে একটি খেলায় অংশ নেওয়ার জন্য ফোন করতে বলা হয়। বিজয়ীর জন্য থাকে বিশাল অঙ্কের নগদ অর্থ পুরস্কার হিসেবে জেতার সুযোগ। তাদের অংশ নিতে হয় শিশুরা যে ধরনের খেলা খেলে, সেরকম এক গেমে। তবে এই গেম একেবারে জীবন-মৃত্যুর লড়াই। এতে হারলে মৃত্যু। আর জিতলে খেলার পরের ধাপে যাবেন প্রতিযোগী।
অবশ্য শুরুতেই বোঝা গেছে, ‘স্কুইড গেম’ জনপ্রিয় হয়ে উঠবে। মাত্র দশ দিনের মধ্যে ৯০টি দেশে এই শো র্যাংকিং-এ এক নম্বরে ওঠে।
অবশ্য পুরো শো কতজন দেখেছে এর ওপর ভিত্তি করে নেটফ্লিক্স পরিসংখ্যান তৈরি করে না। বরং দেখা হয়, একটি অ্যাকাউন্ট থেকে কোনো টাইটেল কমপক্ষে দুই মিনিট দেখা হয়েছে। এ ছাড়া তৃতীয় কোনো পক্ষ বিষয়টি যাচাই করে না।