মিয়ানমারের ৩০ সেনাকে হত্যার দাবি বিদ্রোহীদের

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে দেশটির জান্তাবিরোধী বিদ্রোহীদের সংঘাত বাড়ছেই। দেশটির সাগাইং অঞ্চলে সংঘর্ষে ৩০ সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। জান্তাবিরোধী প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে গঠিত পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া বলছে, সেনাসদস্যরা গত সোমবার সাগাইং অঞ্চলে অভিযান শুরু করলে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। সাগাইং অঞ্চলটি মান্দালাই শহরের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ইরাবতী নদীর তীরে অবস্থিত।

পিপলস ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র জানান, শহরের বাইরে সেনাসদস্যদের কনভয় ল্যান্ডমাইনের শিকার হলে এক কমান্ডারসহ ৩০ সদস্য নিহত হয়। সরকারি বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার অভিযান চালাতে এদিকে আসার কথা বলেছিলেন। সে অনুযায়ী সেনাদের ওই কনভয়ের জন্য গত রবিবার থেকেই ওঁৎ পেতে ছিল বিদ্রোহীরা।

গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। ধরপাকড় চালানো হয় সু চি’র দলের নেতাকর্মীদের ওপর। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করে বিদ্রোহীরা।

বিদ্রোহীদের তথ্যে, শুধু সেপ্টেম্বরেই ১ হাজার ৫৬০ সেনাসদস্য তাদের হাতে নিহত হয়েছে। অবশ্য জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তু এ দাবি নাকচ করে দিয়েছেন।