নতুন প্রজন্ম আবাসন ব্যবসায় চলে এসেছে জানিয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের নবনির্বাচিত সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন,‘ তাদেরই (তরুণদের) রিহ্যাবের দেখাশোনা করতে হবে। তরুণদেরই রিহ্যাব লিড দিতে হবে। ’
বুধবার রাজধানীর সোনারগাঁও রোডে ন্যাশনাল প্লাজায় রিহ্যাবের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তরুণ নেতৃত্বকে নিয়ে আসার দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিহ্যাবের নবনির্বাচিত পরিচালক ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন,‘ রিহ্যাব সভাপতির নেতৃত্বে নবনির্বাচিত কমিটি দেশের রিয়েল এস্টেট সেক্টরে গুনগত পরিবর্তন নিয়ে আসবে।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের আবাসন সৃষ্টিতে সহযোগিতা করে এ কমিটির তরুণরা ভবিষ্যৎ রিহ্যাবের নেতৃত্ব দিবে।’
করোনা সংকট উত্তরণ প্রসঙ্গে রিহ্যাব সভাপতি বলেন, সংকট কিন্তু থাকবে, এটাকে উপেক্ষা করা যাবে না। বাঙালি জাতি অত্যন্ত সাহসী। সংকটকে সামনে রেখেই আমাদের সংগ্রাম করতে হবে। আমরা প্রস্তুত আছি সে কারণে। আমার বিশ্বাস যেভাবে আমরা জীবণের ঝুঁকি নিযে কাজ করে যাচ্ছি; শ্রমিক ভাইবোনরাও, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সংকট আমরা মোকাবিবেলা করতে পারব।
সরকারের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, রেজিস্ট্রেশন ব্যায় কমিয়েছে, সিঙ্গেল ডিজিট ব্যাংক লোনের সুবিধা দিয়েছে মার্কেট ভালো হয়েছে। মানুষের চাহিদা বেড়েছে। মানুষের সাধ্যের ভেতরেই তাদের স্বপ্নের আবাসন যাতে তাদের হাতে তুলে দিতে পারি। আন্তর্জাতিক বাজারে রড, সিমেন্ট পণ্যের দাম বাড়ায় তা করা সম্ভব হয়ে উঠছে না।
তিনি বলেন, ‘আমদের দেশের মানুষের চাহিদা কিন্তু ছোট ফ্ল্যাট না; তবুও আমাদের চেষ্টা থাকবে যাতে মানুষ তাদের স্বপ্নের আবাসন পাক। ’
এ ছাড়া রিহ্যাবের সদস্য হওয়ার ক্ষেত্রে আইনে কিছুটা শীথিলতা আনা হয়েছে বলে জানান।
তিনি বলেন, সেক্ষেত্রে আমরা এখন অস্থায়ী সদস্য পদ দিচ্ছি।
রূপায়ণ গ্রুপের গেটেড কমিউনিটির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এটা এখন সময়ের দাবি। ঢাকা শহরের বাইরে আমরা যত যেতে পারব তত ভালো হবে। যার ফলে স্বল্প মূল্যে আমরা ভালো ফ্ল্যাট ক্রেতাদের দিতে পারব।
পরিচালক পরিষদের সভা শেষে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে রিহ্যাবের নবনির্বাচিত সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রিহ্যাবের নবনির্বাচিত পরিচালক ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল।
মঙ্গলবার রিহ্যাব এর পরিচালনা পর্ষদ ২০২১-২০২৩ নির্বাচন শেষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সভাপতি নির্বাচিত হন শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল)।
এ ছাড়া ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে নির্বাচিত ২৬ পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত তিন পরিচালক সর্বমোট ২৯ পরিচালক নির্বাচিত হন।