সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রম দুর্ভোগ বৃদ্ধি করছে : তাপস

ঢাকাকে ঘিরে বিভিন্ন সংস্থার সমন্বয়হীন ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নগরবাসীর দুর্ভোগ দিনে দিনে বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ তাপস বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমাদের ব্যাপক কর্মযজ্ঞ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে এরই মধ্যে প্রায় ১০৩ কোটি টাকার কার্যক্রম আরম্ভ করেছি। এই অর্থবছরেও এই খাতের জন্য প্রায় ৭৪ কোটি টাকা বাজেট সংস্থান রেখেছি। কমলাপুর রেলস্টেশনের আশপাশের জায়গা ব্যাপকভাবে জলাবদ্ধতায় নিমগ্ন থাকে। গত বছর বর্ষাতেও আমরা সেটা লক্ষ করেছি। সেজন্য জলাবদ্ধতা নিসরনে আমরা কার্যক্রম আরম্ভ করেছি।’