সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল ও তার ভাইয়ের বিরুদ্ধে ভুয়া দলিলের মাধ্যমে জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আছমান আলী মণ্ডলের ছেলে আরশাদুল ইসলাম। এ সময় সেখানে তার পরিবারের অন্য সদস্যরাসহ বড়ডাঙ্গাপাড়া গ্রামের অনেকে উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল ও তার ছোট ভাই এমদাদুল হক মণ্ডল ভুয়া ও জাল কাগজ তৈরি করে অন্যের জমি তাদের নিজের দাবি করে জবর দখলের পাঁয়তারা চালাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, কয়েক মাস পূর্বে উপজেলার বাসুদেবপুর মৌজার চেকপোস্ট সড়কে আমাদের পৌনে ৮ শতক জমি বিক্রির জন্য সাইন বোর্ড লাগাই। কিন্তু কে বা কাহারা সেখানে স্থাপিত সেই সাইনবোর্ডটি তুলে নিয়ে যায়। গত ১৫ সেপ্টেম্বর পুনরায় আমার ভাগনে মাহেদী হাসান, দুই বোন ফরিদা বেগম ও দৌলাতুন নেছা ওই স্থানে পুনরায় সাইনবোর্ড লাগাতে গেলে আকরাম হোসেন মণ্ডলসহ তার ভাই এমদাদুল হক মণ্ডল, ভাতিজা জুনায়েদ হোসেনসহ তাদের ভাড়াটিয়া বাহিনী আমার ভাগনে মাহেদী হাসান, দুই বোন ফরিদা বেগম ও দৌলাতুন নেছাকে বেধড়ক মারপিট করে আহত করেন।

আরশাদুল ইসলাম বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখান তারা বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় জমি জবরদখলকারী আকরাম হোসেন মণ্ডলসহ তার ভাই এমদাদুল হক মণ্ডল, ভাতিজা জুনায়েদ হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, তারা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। বর্তমানে তাদের ভাড়াটিয়া বাহিনী আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।