ক্লাব কাপ হকিতে সোনালী ব্যাংককে ৬-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড। তবে মেরিনার্সের বিপক্ষে অন্য সেমিফাইনাল ম্যাচটি খেলতে আসেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাই বাইলজ অনুযায়ী মেরিনার্সকে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। শনিবার আবাহনী ও মেরিনার্স শিরোপার জন্য লড়বে।
বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আবাহনীর পক্ষে তিনটি ফিল্ড গোল করেন বেলিমাগ্গা বাহারান। একটি করে গোল করেন পুষ্কর খীসা মিমো, নাঈম উদ্দিন, মেহরাব হোসেন সামিন ও খোরশেদ। সোনালী ব্যাংকের পক্ষে গোল দুটি করেন রকি।
দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলতে মেনিরার্সের খেলোয়াড়রা মাঠে নামলেও ভেন্যুতেই আসেনি মোহামেডান। জানতে চাইলে ক্লাবের হকি কমিটির সমন্বয়কারী সারোয়ার হোসেন বলেন, ‘জিমিকে (রাসেল মাহমুদ জিমি) যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা ঠিক হয়নি। আমরা চিঠি দিয়ে শাস্তি স্থগিত করতে বলেছিলাম। কিন্তু সেটা করা হয়নি বলে আমরা মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গ্রুপ পর্বে পুলিশের বিপক্ষে ম্যাচে অসদাচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ করা হয় জিমিকে, সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা। যে কারণে সেমিফাইনাল ম্যাচে নিষিদ্ধ ছিলেন মোহামেডান অধিনায়ক জিমি।