এবার হার্নান্দেজ ভাইদের ভিন্ন অভিজ্ঞতা

সম্প্রতি নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সের হয়ে বেলজিয়ামের বিপক্ষে একসঙ্গে খেলতে নেমে ইতিহাস গড়েন দুই ভাই থিও এবং লুকাস হার্নান্দেজ। ৪৭ বছর পর ফ্রান্সের হয়ে সহোদরের মাঠের নামার প্রথম ঘটনা এটি। ম্যাচটি জেতে ফ্রান্স। পরে ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপাও জেতে। কিন্তু এরই মধ্যে বদলে গেছে দৃশ্যপট। দুই ভাই পেলেন ভিন্ন দুই অভিজ্ঞতা। এসি মিলানে খেলা থিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর বায়ার্ন মিউনিখে খেলা লুকাসের ৬ মাসের জেল হয়েছে স্ত্রীর বিরুদ্ধে সহিংসতার অভিযোগে। দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতের আদেশ অমান্য করায় ৬ মাসের কারাদণ্ড পেয়েছেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে লুকাস মারামারিতে জড়ান সেই সময়কার বান্ধবী আমেলিয়া ইয়োরেন্তের সঙ্গে। সেই আমেলিয়াই এখন তার স্ত্রী। এই জুটির একজন ছেলেও আছে। সে সময় অবশ্য দুজনের কেউ পরস্পরের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি। শরীরে কিছুটা আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নেন আমেলিয়া। তখন আতলেতিকো মাদ্রিদে খেলা লুকাসকে ৩১ দিনের জনসেবামূলক কাজের সাজা দেওয়া হয়েছিল। ২০১৯ সালে তাকে ৬ মাসের স্থগিত কারাদণ্ড দেয় আদালত। ফরাসি এই ডিফেন্ডার তখন আপিল করলেও হেরে যান।