ডেঙ্গুতে ১৩ দিনে হাসপাতালে ভর্তি ২৭১৫ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩২ জন আর বাকিরা দেশের অন্যান্য বিভাগে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি অক্টোবর মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭১৫ জন।

গতকাল বৃহস্পতিবার ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি আছে ৯০৬ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭৪০ জন আর অন্যান্য বিভাগে ১৬৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৯১২ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৯২৪ জন। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৮২ জন।