কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে বাম গণতান্ত্রিক জোট। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জিপিও ও গুলিস্তান এলাকাসহ রাজপথ প্রদক্ষিণ করে।
জোটের নেতারা কুমিল্লাসহ সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার-বিচারের দাবি জানিয়ে বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল-ব্যক্তি-গোষ্ঠীকে ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাম জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক আবদুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের কমরেড বাচ্চু ভূঁইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আবদুল আলী ও ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) নেতা বিধান রায়। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান।