হিন্দুগ্রামে সন্ত্রাসে অভিযুক্তদের মনোনয়নের সমালোচনা

ইউপি নির্বাচনে নাসিরনগরে নৌকার প্রার্থী বদল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুপল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় অভিযোগপত্রভুক্ত দুই আসামিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী করার পর সমালোচনার মুখে তা পরিবর্তন করেছে আওয়ামী লীগ। এর মধ্যে নাসিরনগর সদর ইউনিয়নে আবুল হাসেমের পরিবর্তে সাবেক ইউপি সদস্য পুতুল রানী বিশ্বাস এবং হরিপুর ইউনিয়নে দেওয়ান আতিকুর রহমান আঁখির পরিবর্তে মো. ওয়াসিম আহমেদকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বৃহস্পতিবার প্রার্থী বদলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আসন্ন নির্বাচনে অংশ নিতে গত মঙ্গলবার নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। তাতে ২০১৬ সালে হিন্দুদের ওপর হামলার মামলায় অভিযোগপত্রভুক্ত আসামিদের নাম থাকায় নাসিরনগরসহ পুরো জেলায় সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে ওবায়দুল কাদের গত বুধবার সাংবাদিকদের বলেছিলেন, যেখানে যেখানে অভিযোগ রয়েছে, সেখানে প্রার্থী পরিবর্তন করা হবে।

২০১৬ সালের ৩০ অক্টোবর ফেইসবুকে গুজব ছড়িয়ে নাসিরনগরে মন্দির ও হিন্দুপল্লীতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় নাসিরনগর গৌরমন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরের বছর ১০ ডিসেম্বর ২২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই আসামিদের মধ্যে রয়েছেন নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আবুল হাসেম এবং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি। তারা দুজনই তখন গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে থেকে জামিনে বেরিয়ে আসেন। হাসেম ও আতিকুরকে দলীয় প্রার্থী করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ নেতাদেরও আপত্তি ছিল।

তৃণমূল পর্যায় থেকে নাম পেয়ে কাউন্সিলরদের উপস্থিতিতে বর্ধিত সভার মাধ্যমে মনোনয়নের জন্যে পাঁচটি করে নাম কেন্দ্রে পাঠানো হয়। ওই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারও উপস্থিত ছিলেন। তিনি জানান, মনোনয়ন বাতিল হওয়া দুজন যে অভিযোগপত্রভুক্ত আসামি, তা উল্লেখ করেই মূল্যায়ন প্রতিবেদন কেন্দ্রে পাঠিয়েছিলেন তারা। এ দুজন মনোনয়ন পাওয়ার পর বিষয়টি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিতভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে অবহিত করা হয়। দুজনের প্রার্থিতা বদলের বিষয়ে জানতে চাইলে আল মামুন সরকার গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে প্রার্থী বদলের বিষয়ে একটি মেসেজ দেওয়া হয়েছে। তবে নতুন করে কাদের মনোনয়ন দেওয়া হয়েছে তা এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি।’