পাবনার ঈশ্বরদীতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। পাকশী-পাবনা মহাসড়কের সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া এলাকার সাদি বিশ্বাসের শালবাগান সড়কে শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে ভ্যান চালক মনসুর আলী খাঁ (৩৫), একই ইউনিয়নের আওতাপাড়া গ্রামের সোবাহান শাহের ছেলে ভ্যানের যাত্রী সাইফুর শাহ (৫৫) এবং মোটরসাইকেল চালক পাবনা শহরের ছাতিয়ানের মধ্যপাড়ার আব্দুল মান্নানের ছেলে রূপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক আসিফ হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে পাবনার দিক থেকে ব্যাটারি চালিত অটো ভ্যান ও মোটরসাইকেল ঈশ্বরদীর পাকশীর দিকে যাচ্ছিল। একই সময় পাকশীর দিক থেকে একটি বালু বোঝাই দ্রুতগামী ট্রাক পাবনার দিকে যাচ্ছিল। একপর্যায়ে সাদি বিশ্বাসের শালবাগান সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটো ভ্যানটি মহাসড়কের ওপর পড়ে যায়।
একই সময় ভ্যানের পেছনে থাকা মোটরসাইকেল চালকও দিশেহারা হয়ে সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে তখন ট্রাকের সঙ্গে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ভ্যান চালক মনসুর ও যাত্রী সাইফুল ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল চালক আসিফকে উদ্ধার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আসিফের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক। লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার স্থান থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।