ফেনীর মুহুরীগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি চাপায় তিন শ্রমিক নিহত ও ১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জের সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের ভাতৃপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে সাজু (২২), একই এলাকার মোতালেব হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২২) ও যুগারপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে জহিরুল ইসলাম (৫০)।
নিহতদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা বিসিক শিল্প নগরীতে স্থানীয় একটি জুতার কারখানায় কাজ করতেন। সাজু নামের এক শ্রমিক ছুটিতে গ্রামের বাড়ি জামালপুর যাওয়ার জন্য রওনা হয়।
তারা আরও জানান, এ সময় তার তিন সহকর্মী তাকে মহাসড়কে বাসে উঠিয়ে দেওয়ার জন্য ওই সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি লরি এসে তাদের ৪ জনকেই চাপা দেয়। একই সময় সাজু ও জহিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।
অপর একজন মিরসরাইয়ের বাইয়ার হাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লরিতে থাকা নোয়াখালীর মাইজদী সদর এলাকার মহি উদ্দিনকে আটক করা হয়েছে। ঘাতক লরিটিও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।