গাইবান্ধায় ৪ ইউপির নির্বাচন না হওয়ার কারণ জানেন না নির্বাচন কর্মকর্তা

তফসিল ঘোষণা হলেও তৃতীয় দফায় গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ওই চার ইউনিয়নে নির্বাচন না হওয়ার কারণ জানেন না জেলা নির্বাচন কর্মকর্তা।

ইউনিয়নগুলো হলো- পলাশবাড়ীর কিশোরগাড়ী ও বরিশাল এবং সুন্দরগঞ্জের চন্ডিপুর ও হরিপুর ইউনিয়ন।

তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সুস্পষ্ট করে কিছু জানায়নি। আমরা অবশিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি।

তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় পলাশবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি এবং সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৪ নভেম্বর বাছাই, ১১ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

এদিকে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়নে ভোটগ্রহণের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহবুবর রহমান ও গোলাম মোস্তফাসহ কয়েকজন। বক্তারা উপজেলার ওই দুইটি ইউনিয়নে তৃতীয় দফায় ২৮ নভেম্বর নির্বাচনের দাবি জানান।