ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলায় ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ বছর বয়সী সরকারি স্কুলের শিক্ষকও মেয়েটিকে কাউকে না বলার হুমকি দিয়েছিলেন। ভয়ে ওই ছাত্রী ৯ দিন ধরে বিষয়টি গোপন রাখে। পরে স্কুলের পাঠ্য বইতে থাকা জরুরি নম্বরে ফোন দিয়ে পুলিশকে বিস্তারিত জানালে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার সকালে, ওই ছাত্রী স্কুলে গিয়ে দেখেন ওই শিক্ষক ছুটিতে আছেন। ওই ছাত্রী ধর্ষণের কথা কোনোভাবেই ভুলে যেতে পারছিলেন না। পরে স্কুলের পাঠ্যবইয়ে একটি জরুরি হেল্পলাইন দেখতে পান। সাহস করে জরুরি নম্বরে ফোন দিয়ে বিস্তারিত বললে ওই শিক্ষককে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ।
ওই ছাত্রীর বক্তব্য ধরে পুলিশ অফিসার জানান, ওই শিক্ষক তাকে ৫ অক্টোবর স্কুলের পরে ফ্রি থাকতে বলেন এবং অন্য ছাত্রীরা চলে গেলে তাকে ধর্ষণ করেন। পরে এ ঘটনা না প্রকাশ করার জন্য ও রিপোর্ট না করার জন্য তাকে হুমকি দেয়া হয়।
ওই ছাত্রী পুলিশকে আরও জানিয়েছে ওই শিক্ষক কিছুদিন ধরেই তাকে অশ্লীল বার্তা এবং ছবি পাঠাচ্ছিলেন। তবে, ধর্ষণের পরে সেগুলি মুছে ফেলা হয়েছে।
পুলিশ জানিয়েছে গ্রেপ্তার ওই শিক্ষক শিক্ষাবিদদের পরিবারের সদস্য। তার বাবা, বোন, স্ত্রী এবং দুলাভাই সবাই শিক্ষক। সূত্র: হিন্দুস্থান টাইমস