শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘প্রতিবাদ সমাবেশে’ বক্তারা এ আহ্বান জানান।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট হয়েছে এ সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, এ সাম্প্রদায়িক শক্তির রিমোট কন্ট্রোল কাদের হাতে। এরা হলো বিএনপি-জামায়াত নামক মাফিয়া রাজনৈতিক সংগঠনটি।’
তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক দাবানল যারা তৈরি করতে চায়, নির্দিষ্ট ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা যারা গড়ে তুলতে চায়, তাদের না বলার সময় আজকে এসেছে। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে।’
ঢাবি নাট্য সংসদের সাধারণ সম্পাদক দিগার মোহাম্মদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জগন্নাথ হলের সাবেক জিএস কাজল দাস, নাট্য সংসদের সাবেক সভাপতি সামিউল হক প্রমুখ।